গাজীপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

গাজীপুরের কাশিমপুর চক্রবর্তী এলাকায় ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গাজী রাফিস আহমেদ (৩২) নামে এক পোশাক শ্রমিক প্রাণ হারিয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে হামলার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ১টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাফিস খুলনা জেলার দাকোপ থানার বাঁশখালী গ্রামের খোরশেদ আলম গাজীর ছেলে। তিনি চক্রবর্তী এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন এবং একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

নিহতের স্বজন নাজমুল হাসান জানান, রাতে রাস্তার পাশের এক দোকানে ঝালমুড়ি খাচ্ছিলেন রাফিস। এ সময় পাশের এক ঝালমুড়ি বিক্রেতার সঙ্গে কয়েকজন পথচারীর বাকবিতণ্ডা শুরু হলে মানবিক কারণে তিনি বিষয়টি মেটাতে যান। এতে বিক্রেতা ক্ষিপ্ত হয়ে তার কাছে থাকা ছুরি দিয়ে রাফিসসহ আরো দুজনের ওপর হামলা চালান। ধারালো চাকুর আঘাতে রাফিসের পেটের ডান পাশে গভীর ক্ষত তৈরি হয়।

প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও রক্তক্ষরণ ও অবস্থার অবনতি দেখে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ টহল দল স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত বিক্রেতাকে আটক করেছে। অভিযুক্ত ব্যক্তি মানসিকভাবে কিছুটা অসুস্থ। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং কাশিমপুর থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।