রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ২৬টি মামলা করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৪ জন, লালবাগে ৩৪, ওয়ারীতে ৫১, মতিঝিলে ৬৮, তেজগাঁওয়ে ৭৪, মিরপুরে ৭১, গুলশানে ৩৬, উত্তরা বিভাগে ৪২ এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।
অভিযানের সময় একটি তলোয়ার, একটি চাপাতি, একটি রডের মাথায় সংযুক্ত ধারালো গোলাকৃতির চাকতি, একটি রড, ৯৫ পিস ইয়াবা, ৭০ গ্রাম হেরোইন, ৬৬৮ গ্রাম গাঁজা ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।