রাজধানীর আগারগাঁওয়ের ফুটপাতে গড়ে ওঠা ‘মিজানের ভাতের হোটেল’ ও আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
রাজধানীর আগারগাঁওয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘মিজানের ভাতের হোটেল’ আবারও উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ফুটপাতে চুলা বসিয়ে রান্না করার সময় সেখানে অভিযান চালানো হয়। এ সময় মিজানকে রান্না করা খাবার সরিয়ে নিতে বলা হয়। আশপাশের ফুটপাতের বিভিন্ন অস্থায়ী স্থাপনাও ভেঙে দেওয়া হয়।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে আগারগাঁও এলাকায় এ অভিযান চালানো হয়। ডিএনসিসির অঞ্চল-৪-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ছিলেন। অভিযানে আগারগাঁওয়ের সড়কের দুই পাশের ফুটপাতে থাকা বিভিন্ন অস্থায়ী স্থাপনা ভেঙে দেওয়া হয়।
ডিএনসিসি সূত্র জানায়, মিজানের ভাতের হোটেলে এবার কোনো স্থাপনা ছিল না। ক্রেতাদের বসার জন্য রাখা চেয়ার-টেবিলগুলো আগেই সরিয়ে ফেলা হয়েছিল। তবে ফুটপাতের ওপর চুলায় খাবার রান্না করা হচ্ছিল। এ ছাড়া রান্নার লাকড়ি হিসেবে ব্যবহারের জন্য পুরোনো অনেক আসবাব ছিল। অভিযানকালে তাঁকে রান্না করা খাবার ও জিনিসপত্র সরিয়ে নিতে বলা হয়। এরপর পুরোনো আসবাবগুলো ভেঙে অপসারণ করে ফুটপাত দখলমুক্ত করা হয়।
অভিযানটি আগারগাঁও থেকে শেওড়াপাড়া ও কাজীপাড়া হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর পর্যন্ত চালানো হয়। এ সময় সড়কের দুই পাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন অস্থায়ী দোকান ও স্থাপনা ভেঙে দেওয়া হয়।