রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৮

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫৩টি মামলা দায়েরের পাশাপাশি বিপুল পরিমাণ মাদক, জাল রেভিনিউ ও নন-জুডিসিয়াল স্ট্যাম্প, ভেজাল ওষুধ ও প্রসাধনী তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগে ৬৭, ওয়ারীতে ৭৫, মতিঝিলে ৫৩, তেজগাঁওয়ে ৭৩, মিরপুরে ১০২, গুলশানে ৫২, উত্তরা বিভাগে ৬৩ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) নয়জন এবং সিটিটিসি একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে ৩ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ২১৮টি ইয়াবা, ২ দশমিক ৬ গ্রাম হেরোইন ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি বাস, নয়টি মোবাইল ফোন, ২ হাজার ৬০০টি জাল রেভিনিউ স্ট্যাম্প, ৩ হাজার ৩৫৬টি নন-জুডিসিয়াল স্ট্যাম্প এবং ১ লাখ ৫৬ হাজার ৩২ টাকা নগদ উদ্ধার করা হয়।

এ সময় ভেজাল ওষুধ ও প্রসাধনী তৈরির বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৬২৭টি সিরাপ, ৬ হাজার ক্যাপসুল, ৩০টি ফেসওয়াশ, ৩১০টি শ্যাম্পু, ৫ কেজি সাদা পাউডার, হাইজিন ওয়াশের ১৫০টি খালি মোড়ক ও বোতল, লেবেলবিহীন ৩০০টি সিরাপের বোতল, ক্যাপসুল সেল ভরার একটি মেশিন, ক্যাপসুল ভরার ছয়টি যন্ত্রাংশ এবং লেবেল লাগানোর দুটি ছাঁচ।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।