গুপ্তরা ফ্যামিলি কার্ডে ভুল তথ্য দিলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক

ফ্যামিলি কার্ড সংগ্রহে যদি কোনো গুপ্ত দলের কর্মীরা ভুল তথ্য বা কোনো প্রকার বিভ্রান্ত করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

সোমবার (১২ অক্টোবর) মিরপুরের ৪নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শফিকুল ইসলাম খান বলেন, ১ হাজার ৯১৭ জন ফ্যামিলি কার্ডের তথ্য সংরক্ষণ করবেন। তথ্য সংগ্রহে যদি কোনো গুপ্ত দলের কর্মীরা ভুল তথ্য বা কোনো প্রকার বিভ্রান্ত করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডিএনসিসি প্রশাসক বলেন, যদি কেউ ক্ষমতার অপব্যবহার করে ফ্যামিলি কার্ড গ্রহণ করতে চায়, তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে তিনি জানান, অল্প সময়ের মধ্যেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতিটি রাস্তা ও ফুটপাত হকারমুক্ত করা হবে। তিনি বলেন, নগরবাসীকে নান্দনিক ফুটপাত উপহার দেওয়া হবে।