৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মুনসুর খান প্লাজার আগুন চার ঘণ্টা পেরিয়েও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট কাজ করছে। এরই মধ্যে ওই ভবন থেকে পাশের আরেকটি ভবনে আগুন ছড়িয়ে পড়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২ মিনিটে চকবাজারের ছোট কাটারা এলাকায় এসি মসজিদের পাশে মুনসুর খান প্লাজার ছয়তলায় একটি দোকানে আগুনের সূত্রপাত হয়।

আগুনের সর্বশেষ অবস্থা নিয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আমাদের ১০টি ইউনিট কাজ করছে। ভেতরে তেমন আগুন না থাকলেও প্রচণ্ড ধোঁয়া রয়েছে। সরু রাস্তা হওয়ায় আগুন নেভাতে অনেকটা বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত ভেতরে কেউ আটকে থাকার সংবাদ পাওয়া যায়নি।’

এর আগে তিনি বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনের প্রচণ্ড ধোঁয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ারফাইটারদের।’

স্থানীয়রা জানান, আগুনের লেলিহান শিখায় পাশের একটি ভবনেও আগুন লেগে যায়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।

ঘটনাস্থলে পুলিশ, র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।