শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ২৫৭টি পূজামণ্ডপে ২৪ ঘণ্টা সিসিটিভি ও বডিওর্ন ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে। উৎসবের নিরাপত্তায় নিয়মিত দায়িত্বের অতিরিক্ত ২ হাজার ১০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। প্রতিবছর এ উৎসব রাজধানীতে আনন্দ, উৎসাহ ও সম্প্রীতির পরিবেশে উদযাপিত হয়। এবারও পূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নিয়েছে ডিএমপি।
তিনি জানান, প্রতিটি পূজামণ্ডপের গুরুত্ব, ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় মণ্ডপগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। প্রতিটি মণ্ডপে দিন-রাত পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। মণ্ডপ ও আশপাশের এলাকার নিরাপত্তা পর্যবেক্ষণে সিসিটিভি ও বডিওর্ন ক্যামেরায় সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে স্থাপন করা হয়েছে আর্চওয়ে।
মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, ২৫৭টি পূজামণ্ডপে নিয়মিত দায়িত্বের বাইরে পুলিশের বিভিন্ন পর্যায়ের মোট ২ হাজার ১০০ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির বিভিন্ন বিভাগের সদস্যদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিয়মিত টহল জোরদার, সন্দেহজনক ব্যক্তি ও বস্তুর ওপর নজরদারি এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি রাখা হয়েছে। জরুরি প্রয়োজনে সাড়া দিতে ডিএমপির সোয়াট, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন ইউনিটও সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন ঘিরেও বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বিসর্জন শোভাযাত্রা শুরু হয়ে ওয়াইজঘাটে গিয়ে শেষ হবে। শোভাযাত্রার পথ, জনসমাগম ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে শোভাযাত্রা নির্বিঘ্ন রাখা এবং জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নগরবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।