ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অভিযোগে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য, মোটরসাইকেল, মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৫০ জন রয়েছেন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৭৬ জন, মতিঝিলে ৬৮, ওয়ারীতে ৫০, লালবাগে ৪১, রমনায় ৩৭, উত্তরা বিভাগে ৩৫, গুলশানে ১৮, গোয়েন্দা বিভাগে সাতজন এবং সিটিটিসি বিভাগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, অভিযানে ৫৬০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৩৭৩ পিস ইয়াবা, তিন গ্রাম হেরোইন ও ২০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ছাড়া নয়টি মোটরসাইকেল, ২৬টি মোবাইল ফোন, ৪০৫টি সিমকার্ড, একটি অটোরিকশা এবং নগদ ১ হাজার ৫০৫ টাকা জব্দ করা হয়েছে। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারের পাশাপাশি এসব মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।