রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৬

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৪৮৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অভিযোগে ৪৯টি মামলা দায়েরের পাশাপাশি একটি বিদেশি পিস্তল, ১০ কেজি গাঁজা ও ১৭ হাজারের বেশি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১৬৭ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর বিভাগ। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৯৬ জন, ওয়ারী বিভাগে ৫০ জন, উত্তরা বিভাগে ৪২ জন, লালবাগ ও মতিঝিল বিভাগে ৩৫ জন করে, রমনা বিভাগে ৩৩ জন, গুলশান বিভাগে ২৪ জন এবং গোয়েন্দা বিভাগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে পুলিশ একটি বিদেশি পিস্তল, ১০ কেজি গাঁজা, ১৭ হাজার ২১৬ পিস ইয়াবা, ১০টি মোবাইল ফোন ও ১৩ হাজার ৭৭০ টাকা উদ্ধার করে। এ ছাড়া দুজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।