রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৪৭৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৩৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত জব্দ এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৮৫ জন, গুলশান বিভাগে ৫২ জন, উত্তরা বিভাগে ৪৬ জন, মতিঝিল বিভাগে ৩৬ জন, ওয়ারী বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৪ জন, রমনা বিভাগে ২৫ জন এবং গোয়েন্দা বিভাগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে ৪৩৬টি ইয়াবা, চার বোতল বিদেশি মদ, সাতটি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।