রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৫৯৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও জাল নোট উদ্ধার করেছে পুলিশ। অভিযানে অপহরণের শিকার একজনকেও উদ্ধার করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

ডিএমপি জানায়, গত শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে ৪১টি পৃথক মামলা করা হয়েছে।

পুলিশের হিসাব অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১৭৮ জন মিরপুর বিভাগের। এ ছাড়া তেজগাঁও বিভাগে ১০০ জন, ওয়ারী ও মতিঝিল বিভাগে ৭১ জন করে, গুলশান বিভাগে ৫৪ জন, উত্তরা বিভাগে ৪৩ জন, লালবাগ বিভাগে ৪২ জন এবং রমনা বিভাগে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে গ্রেপ্তার হয়েছেন আরও তিনজন।

অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ব্যবহৃত গুলির একটি অংশ, তিনটি চাকু ও আটটি রড উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অপরাধে ব্যবহারের অভিযোগে একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা অন্যান্য সামগ্রীর মধ্যে রয়েছে ১২টি মোবাইল ফোন, একটি সিপিইউ, একটি স্ক্যানার, একটি মাউস ও একটি কিবোর্ড।

উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৯ হাজার ৫৮ পিস ইয়াবা, ১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২১ পুরিয়া গাঁজা ও ২ গ্রাম হেরোইন। এ ছাড়া ২০০ টাকা মূল্যমানের ৩২০টি জাল নোট এবং নগদ ১০ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।