বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কতো?

বায়ুদূষণে স্বস্তি নেই রাজধানীবাসীর। বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচকে ঢাকার বায়ুমান স্কোর ছিল ১৬৯, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

আইকিউএয়ারের প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। ১৯৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর। ১৮৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের করাচি। আর ১৭২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়। ১৬৯ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ঢাকা।

প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন শহরের বায়ুমানের তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। তাদের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক (একিউআই) শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি বা সহনীয় ধরা হয়।

অন্যদিকে, ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোর হলে বাতাস অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

এই মানদণ্ড অনুযায়ী, সোমবার সকালে ঢাকার বায়ুমান সূচক ১৬৯ থাকায় রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।