রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪৬টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন সরঞ্জাম ও যানবাহন উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১৫০ জন মিরপুর বিভাগ থেকে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৭৩ জন, মতিঝিল বিভাগে ৬৩ জন, ওয়ারী বিভাগে ৫৫ জন, গুলশান বিভাগে ৫০ জন, লালবাগ বিভাগে ৪৭ জন, উত্তরা বিভাগে ৪৬ জন এবং রমনা বিভাগে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা বিভাগ চারজন এবং এসআরইউ বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, অভিযানে ২৩ হাজার ১৪৬ পিস ইয়াবা, ৫ কেজি ২৫৫ গ্রাম গাঁজা ও ৮০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার, দুটি ওয়াকিটকি, ছয়টি মোবাইল ফোন এবং ৩৫০ কেজি স্ক্র্যাপ কেবল উদ্ধার করা হয়। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।