মজুরি বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করেছেন বিভিন্ন পোশাক কারখানার কয়েক শ শ্রমিক। এতে মিরপুরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। কয়েক শ শ্রমিক রাস্তায় নেমে আসায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ তাঁদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য বোঝানোর চেষ্টা করছে।
ওসি জানান, বিক্ষোভ চললেও এখন পর্যন্ত পুলিশের সঙ্গে কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর ট্রাফিক বিভাগ ফেসবুক পোস্টে জানিয়েছে, শ্রমিকদের আন্দোলনের কারণে মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ এবং প্রজিশিকা মোড় এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
এর আগে গত বৃহস্পতিবার একই দাবিতে মিরপুরের কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করেছিলেন পোশাকশ্রমিকেরা। এর আগে উত্তরা এলাকায় কয়েক দিন ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। সেসব আন্দোলনের কয়েকটি ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষও হয়।