বিচারপ্রার্থী জনগণের ভোগান্তি কমাতে সিভিল জজ পদে নিয়োগের জন্য ২০০ প্রার্থী সাময়িকভাবে মনোনীত হয়েছেন। তাদের নিয়োগের পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য সুলতানা আহমেদের এক প্রশ্নের লিখিত উত্তরে এসব কথা জানান তিনি। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
আইনমন্ত্রী বলেন, বিচারপ্রার্থী জনগণের ভোগান্তি কমাতে এবং বিচারিক কাজের গতি ত্বরান্বিত করতে অধস্তন আদালতের বিচারক ও সহায়ক কর্মচারীদের শূন্য পদ পূরণে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। তিনি জানান, এ লক্ষ্যে ১৮তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে ২০০ জন প্রার্থীকে সিভিল জজ পদে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনীত করা হয়েছে। এরই মধ্যে তাদের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং নিয়োগের পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।
মন্ত্রী বলেন, পাশাপাশি ১৯তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষার মাধ্যমে সিভিল জজ নিয়োগের লক্ষ্যে প্রিলিমিনারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং আগামী জানুয়ারির শেষ সপ্তাহে লিখিত পরীক্ষা গ্রহণের পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, অধস্তন আদালতের সহায়ক কর্মচারীদের শূন্য পদ পূরণের লক্ষ্যে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয় বিগত এক বছরে ২ হাজার ৮১ জন বিচারবিভাগীয় কর্মচারী নিয়োগের জন্য সুপারিশ করেছে।
এছাড়া আগামী জানুয়ারির মধ্যে আরও ১ হাজার ৭৫টি শূন্য পদের বিপরীতে সহায়ক কর্মচারী নিয়োগের সুপারিশ প্রদানের লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে।