ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা এবং মজুরি বোর্ডের সভা স্থগিত রাখাকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভের চেষ্টা করছেন পোশাক শ্রমিকরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পল্লবী থানাধীন সেকশন-৭ এলাকার বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরে অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে গেলেও কিছু পোশাক কারখানার শ্রমিকরা পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে সড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করে। এসময় কিছু সময়ের জন্য সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এতে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানান পল্লবী থানার ডিউটি অফিসার এসআই তানভীর।
তিনি বলেন, এখন কোনো ঝামেলা নেই। রাস্তা ক্লিয়ার আছে। সকালের দিকে আন্দোলনকারীরা জড়ো হয়েছিল কিন্তু এখন রাস্তা ক্লিয়ার আছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা উপস্থিত রয়েছেন।