রাজধানীর লালবাগে অবস্থিত ‘কাচ্চি খানাস’ রেস্টুরেন্টে গ্যাস লাইন মেরামতের সময় লিকেজ থেকে বিস্ফোরণে ৬ জন দগ্ধ হয়েছেন।
রোববার (২২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
দগ্ধদের মধ্যে মিস্ত্রি পলাশ (৪২) ছাড়া বাকি পাঁচজন ওই রেস্টুরেন্টের কর্মী। তারা হলেন—নয়ন শিকদার (২৪), নয়ন মোল্লা (২৬), রবিন (২৪), নিরব (২৫) ও জনি (১৮)।
আহত নয়ন শিকদার জানান, ঘটনার সময় পলাশ নামের এক মিস্ত্রি গ্যাস লাইনের কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে লাইনের চাবি খোলা থাকায় পুরো কক্ষে গ্যাস জমে যায়।
তার ভাষ্য অনুযায়ী, অসাবধানতাবশত গ্যাস লাইন পরীক্ষা করতে আগুন জ্বালালে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই চারদিকে আগুন ছড়িয়ে পড়লে মিস্ত্রিসহ রেস্টুরেন্টের কর্মীরা দগ্ধ হন।
পরে সহকর্মীরা দ্রুত এগিয়ে এসে দগ্ধদের উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, বিস্ফোরণের ঘটনায় মোট ৬ জন চিকিৎসা নিতে এসেছেন।
চিকিৎসকের তথ্যমতে, দগ্ধদের মধ্যে পলাশের শরীরের ২৪ থেকে ২৬ শতাংশ এবং নয়ন মোল্লার শরীরের ১২ শতাংশ পুড়ে গেছে।
এ ছাড়া নয়ন শিকদার ও জনির শরীরের ৫ শতাংশ করে এবং রবিনের শরীরের ৩ শতাংশ দগ্ধ হয়েছে। নিরবের শরীরের উপরিভাগে (এপিডার্মাল বার্ন) দগ্ধ হওয়ার চিহ্ন রয়েছে।
ডা. সুলতান মাহমুদ শিকদার আরও জানান, আহতদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি পাঁচজনকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।