তরুণদের মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং রাজধানীতে ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে আগামী ডিসেম্বরে শুরু হচ্ছে ‘ডিএসসিসি ফুটবল কাপ ২০২৬’। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে দক্ষিণ সিটির ২৪টি থানাকে চারটি জোনে ভাগ করে প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি স্কুলছাত্রীদের নিয়ে আলাদা নারী ফুটবল টুর্নামেন্টও আয়োজন করা হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে নগর ভবন অডিটোরিয়ামে টুর্নামেন্টের প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় এসব পরিকল্পনার কথা জানান ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ করতে আতশবাজি, কনসার্টসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
টুর্নামেন্টের নীতিমালা প্রণয়ন, খেলোয়াড় বাছাই, গ্রুপিং ও রেফারিংয়ের দায়িত্বে থাকবেন সাবেক ফুটবলার ও ক্রীড়া-সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রতিটি দলে স্থানীয় খেলোয়াড়দের প্রাধান্য দেওয়া হবে। পাশাপাশি বহিরাগত খেলোয়াড়ের সংখ্যা নীতিমালার মাধ্যমে নির্ধারণ করে দেওয়া হবে। নারীদের খেলাধুলায় উৎসাহিত করতে নির্দিষ্ট বয়সসীমার ভিত্তিতে বিভিন্ন থানার স্কুলছাত্রীদের নিয়ে পৃথক নারী ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, রাজনীতির পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার ক্ষেত্রেও সবাইকে সম্পৃক্ত করতে চায় সিটি করপোরেশন। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে পুরো ঢাকা শহরের মানুষকে একত্রিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, এ টুর্নামেন্টের মাধ্যমে তরুণেরা মাদক ও সন্ত্রাস থেকে দূরে থেকে মাঠমুখী হবেন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ের খেলোয়াড়দের প্রতিভা বিকাশ ও সামাজিক সম্প্রীতি জোরদার হবে বলে আশা করছেন আয়োজকেরা।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন প্রমুখ।