বাংলাদেশ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিন উপসচিব। জনস্বার্থে তাদের এ ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন এ সিদ্ধান্তের ফলে নির্ধারিত আইন ও অপরাধের ক্ষেত্রে সচিবালয়ে দায়িত্ব পালনকালে তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারবেন।
গত সোমবার (২৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম। আদেশটি জারির সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া কর্মকর্তারা হলেন—উপসচিব মো. তোফায়েল হোসেন, কাজী আরিফুর রহমান ও মোছা. ফুয়ারা খাতুন। তারা প্রত্যেকেই বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১০(৫) ধারা অনুযায়ী তিন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। পাশাপাশি মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৪ ধারা অনুসারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্বও অর্পণ করা হয়েছে।
তবে তিন কর্মকর্তার ক্ষেত্রে আইন প্রয়োগের পরিধি এক নয়। উপসচিব মো. তোফায়েল হোসেন দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮, ২৯০ ও ২৯১ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবেন।
অন্যদিকে উপসচিব কাজী আরিফুর রহমান ও মোছা. ফুয়ারা খাতুনকে কয়েকটি বিশেষ আইনের নির্ধারিত ধারায় আদালত পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে। এসব আইনের মধ্যে রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯; বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫; ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮।
প্রজ্ঞাপনে ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে কিছু প্রশাসনিক শর্তও নির্ধারণ করে দেওয়া হয়েছে। সে অনুযায়ী, তিন কর্মকর্তা কেবল বাংলাদেশ সচিবালয়ে কর্মরত থাকাকালীন এ ক্ষমতা ব্যবহার করতে পারবেন। মোবাইল কোর্ট পরিচালনার আগে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানানো বাধ্যতামূলক করা হয়েছে।
এ ছাড়া প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট তার অধিক্ষেত্রে অন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে একই আইনের আওতায় মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি সমন্বয় করতে পারবেন।
আদালত পরিচালনার কার্যক্রমের জবাবদিহি নিশ্চিত করতে মাসিক প্রতিবেদন পাঠানোর নির্দেশনাও রয়েছে প্রজ্ঞাপনে। নির্ধারিত ছকে পরিচালিত মোবাইল কোর্টের বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট মাসের শেষ কর্মদিবসে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে জমা দিতে হবে।
নতুন এ আদেশের মাধ্যমে সচিবালয়ে দায়িত্ব পালনরত অবস্থায় নির্দিষ্ট কিছু অপরাধের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়ার প্রশাসনিক ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিন উপসচিব।