সদ্য প্রকাশিত ‘তিশার ভালোবাসা’ বইয়ের লেখক খন্দকার মুশতাক আহমেদ ও তার স্ত্রী তিশাকে দুয়োধ্বনি দিয়ে বইমেলা প্রাঙ্গণ ত্যাগ করতে বাধ্য করেছেন মেলায় আগত শতাধিক দর্শনার্থী।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মিজান পাবলিশার্সের সামনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। সেখানে মুশতাক-তিশা দম্পতি ‘তিশার ভালোবাসা’ বইটি হাতে নিয়ে পাঠকদের বই কিনতে উৎসাহিত করছিলেন। এ সময় কয়েকজন দর্শনার্থী তাদের দুয়োধ্বনি দিয়ে তাড়া করেন। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের নিরাপত্তা বেষ্টনীতে রেখে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের গেট দিয়ে মেলা প্রাঙ্গণ থেকে বের হতে সাহায্য করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুশতাক তিশা দম্পতি আমাদের সমাজে লজ্জাজনক একটি সংস্কৃতিকে প্রতিষ্ঠা করছে। তার ওপর আবার বই লিখে বিষয়টি ছড়িয়ে দিচ্ছে। এজন্যই সচেতন নাগরিক তাদের তিরস্কার করে তাড়িয়ে দিয়েছে।
খন্দকার মুশতাক আহমেদ রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য। তিনি একই কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশাকে বিয়ে করে সমালোচনায় আসেন। ভালোবেসে একে অপরকে বিয়ে করেন তারা। তাদের বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল এই দম্পতিকে।
এর আগে গত বছরের জুন মাসে সাংবাদিকদের প্রশ্নে কলেজের ছাত্রী তিশার প্রসঙ্গ এড়িয়ে মুশতাক ভিন্ন কথা বলেছিলেন। মুশতাকের কথা, ‘আমার বয়স হয়েছে ৬০ বছরের বেশি। ১৮ বছর চার মাসের এক ছাত্রীর সঙ্গে তা করতে পারি না। এটি ষড়যন্ত্র। ভিডিওটি কাটপিস করা। সামনে গভর্নিং বডির নির্বাচন...আমি এখানে সবচেয়ে বেশি জনপ্রিয়; আমি যাতে নির্বাচন করতে না পারি সেজন্য এসব করা হচ্ছে।’