আসছে রোজার মাসে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণ রাখতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সরকার। এর অংশ গিসেবে সরকারের পক্ষ থেকে রাজধানীতে ৩০টি স্থানে ট্রাকে করে কম দামে মাংস, দুধ ও ডিম বিক্রি করা শুরু হয়েছে। এবার মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী আব্দুর রহমান জানিয়েছেন, শুধু মাংস নয় রাজধানীর আটটি পয়েন্টে কম দামে মিলবে মাছও।
আজ রোববার (১০ মার্চ) সকালে রাজধানীর ফার্মগেটের প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে রমজান উপলক্ষ্যে কম দামে মাংস, ডিম ও দুধ বিক্রির কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
রাজধানীর আটটি স্থানে সুলভ মূল্যে মাছ বিক্রি করা হবে। এসব স্থানে রুই ২৪০ টাকা, তেলাপিয়া ১৩০ টাকা, পাবদা ৩৩০ টাকা, পাঙাশ ১৩০ টাকা, ফিস ফিললেট ৩৫০ টাকা কেজিতে বিক্রি করা হবে।
এ ছাড়া কই ৭০০ থেকে ৮০০, আইড় ৬০০ থেকে ৬৫০, শোল ৭০০ থেকে ৮০০, সরপুঁটি ২০০, তেলাপিয়া ১৮০ থেকে ২২০, রুই ২৩০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাছের এমন দামে পকেটে টান পড়েছে ক্রেতার।
এদিকে নিত্যপণ্যের দাম নিয়ে যাত কারসাজি না হয় সেজন্য ব্যবসায়ীদের হুঁশিয়ার করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। রোববার সকালে রাজধানীর শ্যামলী মাঠের সামনে রমজান উপলক্ষে মাসব্যাপী সুলভমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন তিনি।
এ সময় অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ করে নানক বলেন, রমজান মাসে যেখানে বাজার দর কম হওয়া উচিত। সবকিছু সুলভমূল্যে বিক্রি করা উচিত ব্যবসায়ীদের। সে জায়গা থেকে যারা উল্টো মানুষকে জিম্মি করে উপার্জনের পথ বেছে নিয়েছে, তাদেরকে আমি একটি সতর্কবাণী দিলাম। বাজার কারসাজি করলে কেউ রেহাই পাবে না।