অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সিএনজিচালকের মৃত্যু

রাজধানীর শ্যামপুরের ধোলাইপাড় গোল চত্বর এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মো. মফিজ উদ্দিন (৫২) নামে এক সিএনজিচালকের মৃত্যু হয়েছে। রোববার (১১ মার্চ) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেলে নিয়ে আসা ওই সিএনজির মালিক আল-আমিন জানান, মফিজ আমার সিএনজি ভাড়ায় চালাত। গতরাতের দিকে ধোলাইপাড় গোল চত্বর ফলের দোকানদার সিএনজিতে মোবাইল নম্বর লেখা দেখে আমাকে ফোন দিলে আমি চলে আসি। পরে সিএনজির মধ্যে দেখি আমার গাড়ির ড্রাইভার অচেতন হয়ে পড়ে আছে।  আমি দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর জেলার রাঙ্গা চিড়া গ্রামে। তিনি করিম বেপারীর সন্তান। বর্তমানে শ্যামপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। সেই সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।