শিশুসহ ৩৪৫ রোহিঙ্গা আটক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা বার্মা কলোনি থেকে ৩৪৫ রোহিঙ্গাকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। 

 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোর ৪টা থেকে বেলা ৮টা পর্যন্ত উপজেলার দোহাজারী পৌরসভাস্থ দুই নম্বর ও ৭ নম্বর ওয়ার্ডের বার্মা কলোনিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

 

আটক রোহিঙ্গাদের মধ্যে দুপুরে চন্দনাইশ আর্মি ক্যাম্প থেকে প্রেস রিলিজের মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে সেনাবাহিনী।

 

সেনাবাহিনী জানায়, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), চন্দনাইশ উপজেলা প্রশাসন ও চন্দনাইশ থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী বুধবার (৫ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে ওই বার্মা কলোনি দুটি চারদিক থেকে ঘিরে কলোনির প্রতিটি ঘর তল্লাশি করে ৩৪৫ রোহিঙ্গাকে আটক করা হয়। এসব রোহিঙ্গাদের মধ্যে ১৭৬ জন পুরুষ, ৮৬ জন মহিলা ও ৮৩ জন শিশু রয়েছেন।

 

সেনাবাহিনী আরো জানায়, চন্দনাইশ উপজেলা প্রশাসন ও চন্দনাইশ থানা পুলিশের সহায়তায় আটক রোহিঙ্গাদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) তত্ত্বাবধায়নে কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

 

আসন্ন নির্বাচনকে সামনে রেখে অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত ওই বার্মা কলোনিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখাতে এ অভিযানটি পরিচালনা করা হয়।

 

চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক ইলিয়াস খান জানিয়েছেন, ইতোমধ্যে উপজেলার পক্ষ থেকে আটটি বড় বাসে করে আটক সকল রোহিঙ্গাদের বিকাল থেকে উখিয়া শরণার্থী ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।