এক আসনে জামায়াত বিজয়ী

নেত্রকোনায় ৪টি আসনে বিএনপির জয়

নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার  দিবাগত রাতে নেত্রকোনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান এই ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা গেছে, পাঁচটি আসনের মধ্যে চারটিতে বিএনপি এবং একটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হয়েছে। এ ছাড়া গণভোটে ‘হ্যাঁ’তে ৫ লাখ ৯৯ হাজার ৭৬৬ এবং ‘না’ ৩ লাখ ৬৪ হাজার ৯০৩ ভোট পড়েছে।

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৮ হাজার ৩৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিসের গোলাম রব্বানী রিকশা প্রতীকে পেয়েছেন ৮৭ হাজার ৪৮৮ ভোট। 

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে বিএনপি প্রার্থী জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৩৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার বিপরীতে জাতীয় নাগরিক পার্টির ফাহিম রহমান খান পাঠান (শাপলা কলি) ৬৭ হাজার ৩৬৭ ভোট পেয়েছেন।

নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে বিএনপি প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৮ হাজার ৪৬৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল (ঘোড়া) ৬৮ হাজার ৯৬১ ও জামায়াতে ইসলামীর মো. খায়রুল কবীর নিয়োগী (দাঁড়িপাল্লা) ৪১ হাজার ৫৫৬ ভোট পেয়েছেন।

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বিএনপি প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬০ হাজার ৮০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার বিপরীতে জামায়াতে ইসলামীর আল হেলাল তালুকদার (দাঁড়িপাল্লা) ৩৯ হাজার ৮৪০ ভোট পেয়েছেন।

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাছুম মোস্তফা দাঁড়িপাল্লা প্রতীকে ৮২ হাজার ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার বিপরীতে বিএনপির মনোনীত প্রার্থী আবু তাহের তালুকদার ধানের শীষ প্রতীকে ৭৯ হাজার ৪১২ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নুরুল ইসলাম (হাতপাখা) প্রতীকে ৩ হাজার ৩৪১ ভোট পেয়েছেন।