নারায়ণগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে ২ শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাইকম ফ্রাইট অ্যান্ড লজিস্টিক নামক কোম্পানীতে মালামাল লোড-আনলোডের ক্রেনের তার ছিঁড়ে গ্রাফ উপড়ে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরেক শ্রমিক।

রোববার (১ মার্চ) সন্ধ্যায় রূপগঞ্জের গঙ্গানগর এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সিরাজগঞ্জ জেলার তারাশ থানাধীন নওগা এলাকার রতন মিয়া ছেলে আলামিন (৩২) ও একই থানার নাদো সৈয়দপুর এলাকার সুটকা মিয়ার ছেলে আল-আমিন মিয়া (২৬)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার এসআই সাদেকুর রহমান জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ট্রাইকম ফ্রাইট অ্যান্ড লজিস্টিক নামক কোম্পানীর গম আনলোড করার সময় ক্রেনের তার ছিঁড়ে গ্রাফ উপড়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান শ্রমিক আল-আমিন মিয়া। গুরুতর অবস্থায় মিশু ও আলামিন নামে দুই শ্রমিককে ঢাকা মেডিক্যাল কলেজ নেয়ার পথে মারা যান আলামিন নামে আরেক শ্রমিক। আহত মিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ হামপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, নিহত দুই শ্রমিকের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।