সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির

সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি ছোড়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৮ মে) বিকেলে গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। 

মঙ্গলবার (১৯ মে) বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হঠাৎ গুলিবর্ষণ করে। কোনো পূর্ব উসকানি ছাড়াই এই ঘটনার পরপরই বিজিবি তাৎক্ষণিকভাবে পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে ফায়ার করে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজিবি জানায়, সীমান্তে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় তাদের সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিলেন এবং পরিস্থিতি বুঝে দ্রুতই যথাযথ জবাব দেওয়া হয়। এতে ভারতীয় বাহিনী পিছু হটে বলে দাবি করা হয়েছে। 

ঘটনার পর সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদেরও সীমান্ত এলাকায় সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে এবং অবৈধ অনুপ্রবেশ বা অননুমোদিত কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।