ভাঙ্গার সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের তীব্র ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। 

মঙ্গলবার (২ জুন) ভোর ৪টার দিকে ভাঙ্গা উপজেলার মালীগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভাঙ্গামুখী লেনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার এক্সপ্রেসওয়ের মালীগ্রাম এলাকায় পৌঁছালে একই লেনে দাঁড়িয়ে থাকা সিলিন্ডার ভর্তি একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে ট্রাকের পেছনে ঢুকে যায় এবং ঘটনাস্থলে ছয়জন আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে বাকি দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে আরও একজনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের অন্যান্য ইউনিটের সহায়তায় একাধিক বিকল্প উপায়ে তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও ট্রাকটি উদ্ধার করে শিবচর হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।