ঝিনাইদহে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পোলতাডাঙ্গা গ্রামে পানের বরজে কাজ করার সময় বজ্রপাতে আজিজুল ইসলাম (৩৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত আজিজুল ইসলাম উপজেলার চটকাবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং আব্দুর রহিমের ছেলে।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে পারিবারিকভাবে তার দাফন সম্পন্ন হয়েছে।

স্থানীয় সূত্রে জানাযায়, বিকেলে বৃষ্টি ও বজ্রপাতের মধ্যেও আজিজুল ইসলাম পোলতাডাঙ্গা গ্রামের মাঠে অবস্থিত একটি পানের বরজে কৃষিকাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।

চটকাবাড়িয়া গ্রামের বাসিন্দা তুষার পারভেজ জানান, বিকেলের দিকে এলাকায় প্রবল বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। ওই সময় আজিজুল মাঠে কাজ করছিলেন। বজ্রপাতের আঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

হরিণাকুন্ডু থানার তদন্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে রাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


এদিকে বজ্রপাতের এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা কৃষক আজিজুল ইসলামের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

বিশেষজ্ঞরা বর্ষা ও বজ্রপাতের মৌসুমে খোলা মাঠ, কৃষিজমি, পানের বরজ এবং উঁচু স্থানে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন। বজ্রপাত শুরু হলে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বানও জানিয়েছেন তারা।