টঙ্গীতে ফ্লাইওভারে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফ্লাইওভারে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারী আহত হয়েছেন।

শুক্রবার (১৩ জুন) দিবাগত রাত ২টার দিকে টঙ্গীর দক্ষিণ আরিচপুর এলাকায় ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফ্লাইওভার থেকে টঙ্গী স্টেশন রোডে নামার সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে উঠে বিকল হয়ে পড়ে। এতে ট্রাকটি সড়কের ওপর আটকে যায় এবং ট্রাকের চালক ও হেলপার আহত হন।

এর কিছুক্ষণ পর পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান দ্রুতগতিতে আটকে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা কাভার্ড ভ্যানের চালককে মৃত অবস্থায় উদ্ধার করেন। আহত ট্রাকচালক ও তার সহকারীকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।