কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে নিহত ২

কুষ্টিয়ার বাইপাস রোড এলাকায় পাথর বোঝাই একটি ট্রাক উল্টে গিয়ে চালক ও তার সহকারী নিহত হয়েছেন।

রোববার (২১ জুন) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকচালক আনিস (৩৫) এবং তার সহকারী রতন (৩৫)। চালক আনিসের বাড়ি ফরিদপুর জেলায় এবং হেলপার রতনের বাড়ি কুষ্টিয়ার মিনাপাড়া এলাকায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলি জানান, সোনা মসজিদ স্থলবন্দর থেকে পাথর বোঝাই করে ট্রাকটি খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। সকাল ৮টার দিকে কুষ্টিয়া বাইপাস রোড এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। উল্টে যাওয়ার পরপরই ট্রাকটিতে আকস্মিক আগুন ধরে যায়।

স্থানীয় বাসিন্দারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস কর্মীরা ট্রাকচালক আনিসের মরদেহ উদ্ধার করতে সক্ষম হলেও সহকারী রতন ভারী পাথরের নিচে চাপা পড়ে থাকেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে পাথরের নিচে চাপা পড়া রতনের মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।