বিদ্যুৎ না থাকলে ব্রেকআপের হুমকি, মহাসড়ক অবরোধ প্রেমিকের

স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহের দাবিতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গরমে অতিষ্ঠ স্থানীয় সাধারণ জনগণ। 

বিক্ষুব্ধ জনগণের সাথে অবরোধে অংশ নেয়া সোহেল হোসেন জুবেরি নামে এক যুবক জানান, ২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টা বিদ্যুৎ না থাকলে তার প্রেমিকা ব্রেকআপ বা সম্পর্কে ইতি টানার হুমকি দিয়েছেন।

সোমবার (২৯ জুন) রাত ৮টা থেকে বিদ্যুৎ সরবরাহের দাবিতে জামালপুর সদরের শরিফপুর বাজার সংলগ্ন মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। 

অবরোধে আসা সোহেল বলেন, ‘সবার সাথে দাবি নিয়ে আমিও আসছি। আমার গার্লফ্রেন্ড বলছে, ২ তারিখে তার এইচএসসি পরীক্ষা। যদি ২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টা বিদ্যুৎ না থাকে, তাহলে তোমার সাথে ব্রেকআপ করব। তাই আমিও দাবি নিয়ে আসছি, ২৪ ঘণ্টার মধ্যে যেন বিদ্যুৎ দেওয়া হয়।’

স্থানীয়রা জানান, গরমে অতিষ্ঠ সাধারণ জনগণ স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোমবার শরিফপুর বাজারে (জামালপুর-ময়মনসিংহ) মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ শুরু করেন। 

এ সময় মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে, ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকেরা।

খবর পেয়ে প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন। 
পরে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত লোডশেডিং সমস্যা সমাধানের আশ্বাস দিলে রাত ১০টার দিকে অবরোধ তুলে নেন স্থানীয়রা। পরে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।

জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম নূর মোহাম্মদ জানান, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় নেতা ও অবরোধকারীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অবরোধকারীরা সড়ক ছেড়ে দিলে রাত ১০টার পর যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।’