ঘুমন্ত ছাত্রীর ওপর উল্টে পড়লো পাথরবোঝাই ট্রাক, এলাকায় শোকের ছায়া

নড়াইলের লোহাগড়া উপজেলায় গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথরবোঝাই ট্রাক বসতঘরের ওপর উল্টে পড়েছে। এতে ঘরে ঘুমন্ত অবস্থায় পাথরের নিচে চাপা পড়ে শামীমা আক্তার সেতু (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট বোন মিতু আহত হয়েছে।

রোববার (৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লোহাগড়া উপজেলার নলদী গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সেতু স্থানীয় নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিল।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নলদী গ্রামের কাঁচামাল ব্যবসায়ী হাফিজার মোল্যার দুই মেয়ে সেতু ও মিতু রাতে খাবার খেয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়েছিল। রাত সাড়ে ১২টার দিকে একটি পাথরবোঝাই ট্রাক পথ ভুল করে ওই এলাকার একটি সরু রাস্তায় ঢুকে পড়ে। ট্রাকটি হাফিজার মোল্লার বাড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে তাদের টিনের বসতঘরের ওপর উল্টে যায়। এ সময় ট্রাকের ভারী পাথরগুলো সরাসরি ঘুমন্ত সেতু ও মিতুর গায়ের ওপর গিয়ে পড়ে।

প্রচণ্ড শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পাথর সরিয়ে দুই বোনকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সেতুকে মৃত ঘোষণা করেন। অলৌকিকভাবে বেঁচে যাওয়া ছোট বোন মিতু প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। সে স্থানীয় একটি নূরানী মাদরাসার শিক্ষার্থী।

নলদী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিচুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি ফেলে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।