টানা বৃষ্টিতে দ্রুত বাড়ছে দেশের বিভিন্ন নদীর পানি

টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, যেসব জেলায় আকস্মিক বন্যার শঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় দেশের চার বিভাগের কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগের অন্তত ১৫ জেলার কিছু এলাকায় স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

বুধবার (৮ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, বন্যা পরিস্থিতি তিন দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে শনিবার থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপের প্রভাবে গত তিন দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ২৪ ঘণ্টায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

টানা বৃষ্টির প্রভাবে ইতোমধ্যে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কয়েকটি নদীর পানি বাড়তে শুরু করেছে। একই সময়ে ভারতের মেঘালয়, ত্রিপুরাসহ উজানের বিভিন্ন এলাকাতেও ভারী বৃষ্টি হওয়ায় নদীগুলোর পানি আরও দ্রুত বাড়তে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, ফেনী, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের কিছু এলাকায় নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

প্রতিষ্ঠানটির নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানিয়েছেন, সম্ভাব্য এই আকস্মিক বন্যা প্রায় তিন দিন স্থায়ী হতে পারে। এরপর শনিবার থেকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে দেশের প্রধান নদীগুলোর পানি এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও তিস্তা নদী আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এছাড়া সুরমা-কুশিয়ারা, গোমতী, মুহুরী, ফেনী, সাঙ্গু, মাতামুহুরী, দুধকুমার ও ধরলা নদীর পানিও দ্রুত বাড়ার আশঙ্কা রয়েছে।