গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রিম্পা (২১) নামের এক সাজাপ্রাপ্ত নারী বন্দী কৌশলে পালিয়ে গেছেন। পলাতক তরুণী মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে বলে জানা গেছে।
কারা সূত্র জানায়, ঢাকার ধানমন্ডি থানার একটি ভ্রাম্যমাণ আদালতের মামলায় তিন মাসের সাজা পেয়েছিলেন তিনি। সাজা খাটার জন্যই তাকে কাশিমপুরের এই মহিলা কারাগারে বন্দী রাখা হয়েছিল।
গত বৃহস্পতিবার বিকেলে কারাবন্দীদের নিয়মিত গণনা ও হিসাব মেলাতে গিয়ে বিষয়টি কারা কর্তৃপক্ষের নজরে আসে। তখন দেখা যায়, অন্যান্য বন্দী উপস্থিত থাকলেও রিম্পা রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন।
এই চাঞ্চল্যকর ঘটনার পর কারা প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার (১৭ জুলাই) কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে কারাগারের ভেতরে কঠোর নিরাপত্তা ভেদ করে কীভাবে একজন বন্দী পালালেন, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। তবে এ বিষয়ে কারাগারের জেলার শিরিন আক্তারের সাথে ফোনে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।