আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ ও রাইট অব ওয়ে (গাছের ডালপালা ছাঁটাই) কাজের জন্য আজ শুক্রবার ভোলা জেলার বেশ কিছু এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের আগাম এ তথ্যের কথা নিশ্চিত করেছে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বোরহানউদ্দিন জাতীয় গ্রিডের ভোলা সদর, চরফ্যাশন-২ এবং তজুমদ্দিনের ৩৩ কেভি ফিডারে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্থগিত থাকবে।

ফলে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির পরানগঞ্জ জোনাল অফিস, প্রধান কার্যালয় এবং তজুমদ্দিন সাব-জোনাল অফিসের আওতাধীন সব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাবে না।

সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাট ও অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি।

তথ্যসূত্র: ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির জরুরি বিজ্ঞপ্তি (প্রকাশের তারিখ: ২৩ জুলাই)।