জরুরি উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে আজ শনিবার গাজীপুরের কাশিমপুর ও আশেপাশের বিভিন্ন এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার রাতে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাশিমপুর জোনাল অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নরসিংহপুর রোডের সুরাবাড়ী উপকেন্দ্রের আওতাধীন ১১কেভি ফিডারটির পরিধি অনেক বড় এবং লোড বেশি। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এবং লোডশেডিং কমাতে এই ফিডার ছোট করে নতুন দুটি ফিডার নির্মাণ করা হবে।
বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা:
কাশিমপুর, সুরাবাড়ি, বাগবাড়ী, শরপাইতলী, ছায়াতল মার্কেট, দত্ত মার্কেট, রাইচমিল এলাকা, মিছারবাগ বটতলা, মাদরাসা বাজার, শাকিল সিনথিয়া রোড, মনটেক্স ও লালদিঘি এলাকা।
এছাড়াও কবরস্থান এলাকা, বারেন্ডা (আংশিক), রফিকুল ইসলাম স্কুল এলাকা, খানকা শরিফ, রওশন মার্কেট, হাকের নাল এবং নয়াপাড়ার আংশিক এলাকায় বিদ্যুৎ থাকবে না।
তবে নির্ধারিত সময়ের আগেই উন্নয়নমূলক কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। সাময়িক এই বিভ্রাটের জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কাশিমপুর জোনাল অফিস।
সূত্র: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ (কাশিমপুর জোনাল অফিস)