টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২৫ জন যাত্রী।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাপ্তাহিক ছুটি উপলক্ষে ঢাকা থেকে ছেড়ে আসা মাদারগঞ্জগামী 'ক্রাউন ডিলাক্স' পরিবহনের বাসে অতিরিক্ত যাত্রী ছিল। রক্তিপাড়া খান ফিলিং স্টেশনের উত্তর পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক দ্রুতগতির ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান সেতু আক্তার (২২), শিশু তাজবীর (৮) এবং অজ্ঞাত পরিচয় এক পুরুষ (৪৫)। সংঘর্ষের পরপরই ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
আহতদের মধ্যে ধনবাড়ীর পথিক, মাদারগঞ্জের শামীম ও জিয়াউল, মেলান্দহের আনোয়ার এবং মধুপুরের আবু নাঈম ও হনুফার পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে। তারা নিহতদের মরদেহ উদ্ধার করে এবং গুরুতর আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসার জন্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে আশঙ্কাজনক রোগীদের টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক এবং ফায়ার সার্ভিস কর্মকর্তা বোরহান আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
চিকিৎসকদের মতে, আহতদের অবস্থা গুরুত হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
দুর্ঘটনার ফলে মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ থাকলেও পরবর্তীতে তা পুলিশ স্বাভাবিক করে। ঘাতক ট্রাকটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশ।
এদিকে রাত বাড়ার সঙ্গে সঙ্গে মধুপুর হাসপাতালে স্বজনদের ভিড় বাড়ছে। প্রিয়জনদের হারিয়ে হাসপাতালে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।