চট্টগ্রামে ওয়াসার পানির দাম বাড়ানোর প্রস্তাবে ক্যাবের আপত্তি

চট্টগ্রাম ওয়াসার পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম। সংগঠনটির মতে, প্রশাসনিক অদক্ষতা, অনিয়ম ও দুর্নীতি নিয়ন্ত্রণ করা গেলে পানির দাম বাড়ানোর প্রয়োজন হবে না। তাই মূল্যবৃদ্ধির পরিবর্তে সেবার মান উন্নয়ন এবং নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া উচিত।

রোববার (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় ক্যাব।

বিবৃতিতে বলা হয়, শনিবার অনুষ্ঠিত চট্টগ্রাম ওয়াসার পরিচালনা পর্ষদের সভায় আবাসিক ও বাণিজ্যিক উভয় শ্রেণির গ্রাহকের পানির মূল্য ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব উত্থাপন করা হয়েছে। নতুন ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে প্রথম বোর্ড সভায় অনিয়ম-অব্যবস্থাপনা দূর করার উদ্যোগ নেওয়ার পরিবর্তে মূল্যবৃদ্ধির প্রস্তাব দেওয়াকে হতাশাজনক বলে মন্তব্য করেছে সংগঠনটি।

ক্যাবের দাবি, প্রতিষ্ঠার ৬৩ বছর পেরিয়ে গেলেও চট্টগ্রাম ওয়াসা এখনো নগরবাসীর চাহিদা অনুযায়ী সেবা নিশ্চিত করতে পারেনি। বর্তমানে নগরীর প্রায় ৩০ শতাংশ এলাকায় ওয়াসার পানির সংযোগ পৌঁছেনি। এ অবস্থায় সেবার পরিধি ও মান উন্নয়ন ছাড়া পানির দাম বাড়ানো যৌক্তিক নয়।

সংগঠনটি অভিযোগ করে, দীর্ঘদিন ধরে গড় বিল আদায়, উৎপাদন ও বিতরণ ব্যবস্থায় অসঙ্গতি, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম এবং প্রশাসনিক দুর্বলতার কারণে গ্রাহকরা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। এসব অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, সাবেক ব্যবস্থাপনা পরিচালকের আমলে একাধিকবার পানির দাম বাড়ানো হলেও সেবার মানে উল্লেখযোগ্য উন্নতি হয়নি। এখনো নগরীর বিভিন্ন এলাকায় ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি, পানির সংকট, পাইপলাইনে লিকেজ এবং অতিরিক্ত বা ভুতুড়ে বিলের অভিযোগ রয়েছে।

ক্যাব নেতারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও বিভিন্ন সেবার মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ ইতোমধ্যেই চাপে রয়েছে। এর মধ্যে আবার পানির দাম বাড়ানো হলে জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে। তাই বর্তমান পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত গ্রহণ থেকে সরে আসার আহ্বান জানান তারা।

বিবৃতিতে চট্টগ্রাম ওয়াসার বিগত বছরের অনিয়ম ও দুর্নীতির তদন্ত, পরিচালনা পর্ষদে ভোক্তাদের প্রকৃত প্রতিনিধি অন্তর্ভুক্ত করা এবং প্রতিষ্ঠানটিকে আরও গ্রাহকবান্ধব হিসেবে গড়ে তোলার দাবি জানানো হয়।

বিবৃতিতে স্বাক্ষর করেন ক্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি এস এম নাজের হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, মহানগর সভাপতি জেসসিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর এবং যুব ক্যাব মহানগর সভাপতি আবু হানিফ নোমান।