বান্দরবানে মিয়ানমারের ১৪ সীমান্তরক্ষীর আত্মসমর্পণ

মিয়ানমার সীমান্তে চলমান উত্তেজনার মধ্যেই বান্দরবানের পুয়ামুহুরী সীমান্ত দিয়ে বাংলাদেশ ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে মিয়ানমার সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১৪ সদস্য।

মঙ্গলবার সকালে কোনো রকম অস্ত্র ছাড়াই তারা বাংলাদেশে প্রবেশ করে। পরবর্তীতে আলীকদম উপজেলার সীমান্তবর্তী ক্রিলাই পাড়া এলাকায় তারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে আত্মসমর্পণ করে।

বৃহস্পতিবার সকালে আত্মসমর্পণকারী এই ১৪ সদস্যকে আইনগত প্রক্রিয়ার জন্য বান্দরবান জেলা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। 

বান্দরবানের পুলিশ সুপার মো. অহাবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিতিশীল পরিস্থিতির কারণে এর আগেও দেশটির বিজিপি ও সেনাসদস্যরা বিভিন্ন সময় বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। পরবর্তীতে তাদের সব প্রক্রিয়া সম্পন্ন করে কূটনৈতিক মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠায় বাংলাদেশ সরকার।