গোপালগঞ্জের কাশিয়ানীতে মাত্র ১০ টাকায় ফেরিওয়ালার কাছ থেকে সিম কিনে বিপাকে পড়েছেন কয়েকজন নারী। অভিযোগ উঠেছে, এনআইডি দিয়ে সিম নিবন্ধনের পর ‘চালু করে দেওয়ার’ কথা বলে সিমগুলো নিয়ে যায় একটি চক্র। পরে ওই নম্বর ব্যবহার করে বিকাশ প্রতারণা করা হচ্ছে।
ঘটনাটি উপজেলার ফুকরা গ্রামের। কয়েকদিন আগে গ্রামের নারীদের কাছে ফেরি করে ১০ টাকায় বিভিন্ন কোম্পানির সিম বিক্রি করা হয়। আসমা বেগমসহ কয়েকজন নারী নিজেদের এনআইডি দিয়ে সিম নিবন্ধন করেন। পরে নেটওয়ার্ক সমস্যার কথা বলে সিমগুলো নিয়ে যায় বিক্রেতারা। এরপর আর সেগুলো ফেরত দেওয়া হয়নি।
সম্প্রতি আসমা বেগমের নামে নিবন্ধিত একটি নম্বর ব্যবহার করে বরিশালের এক ব্যক্তির সঙ্গে বিকাশ প্রতারণার অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে আতঙ্কিত আসমা গত ১৫ আগস্ট কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ করেন।
আসমা, রোকেয়া বেগম ও নূপুর খানমসহ কয়েকজনের অভিযোগ, তারা প্রতারণার সঙ্গে জড়িত নন এবং নিজেদের ব্যবহারের জন্যই সিমগুলো কিনেছিলেন। এখন নিজেদের নামে নিবন্ধিত নম্বর অন্যরা ব্যবহার করায় তারা আইনি জটিলতায় পড়ার আশঙ্কা করছেন।
কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করা গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।