জরুরি রক্ষণাবেক্ষণ ও লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে শনিবার পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভা এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ৪ সেপ্টেম্বর দেবীগঞ্জ জোনাল অফিস এক বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের তথ্য নিশ্চিত করেছে।
পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুতের মূল লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের (রাইট অব ওয়ে) কাজ চলবে। এই কাজ চলাকালীন নিরাপত্তাজনিত কারণে পুরো পৌর এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ স্থগিত রাখা হবে।
তবে টেকনিশিয়ানদের নির্ধারিত সময়ের আগে কাজ সম্পন্ন হলে দ্রুততম সময়ে বিদ্যুৎ পুনঃসরবরাহ করা হবে। গ্রাহকদের আগাম সতর্ক করতে দেবীগঞ্জ পৌর এলাকায় মাইকিং করার পাশাপাশি এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পঞ্চগড় পল্লী বিদ্যুৎ সমিতি।