মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) স্থগিত থাকা চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবিতে রংপুরে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নগরীর কাচারী বাজারস্থ বিভাগীয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
২০২০ সালের নিয়োগ বিজ্ঞপ্তির প্রদর্শক, গবেষণা সহকারী, ল্যাব সহকারী এবং সহকারী গ্রন্থাগারিক পদে ভাইভা দেওয়া ৬১০ জন চাকরিপ্রার্থী এতে অংশ নেন। দীর্ঘ তিন ঘণ্টার এই আন্দোলনে ভুক্তভোগী পরীক্ষার্থীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও একাত্মতা প্রকাশ করে অংশ নেন।
আন্দোলনকারীদের দাবি, একই বিজ্ঞপ্তির চার হাজার ৩২টি পদের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার পদে নিয়োগ সম্পন্ন হলেও তাদের ১০ম গ্রেডের চারটি পদে আটকে আছে। মৌখিক পরীক্ষা শেষ হলেও অজ্ঞাত কারণে ফলাফল আটকে রাখায় চরম হতাশায় দিন কাটাচ্ছেন তারা।
চাকরির বয়সসীমা পেরিয়ে যাওয়ায় অনেকেই পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে জানান আন্দোলনরত সভাপতি জোবায়ের আহমেদ জাকারিয়া ও সদস্য সচিব লিটন কুমার বিশ্বাস। অবিলম্বে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে নিয়োগ নিশ্চিত করা না হলে সারাদেশে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
কর্মসূচি শেষে বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। রংপুর মাউশির আঞ্চলিক পরিচালক গোলাম মাজেদ জানান, চাকরিপ্রার্থীদের দাবিগুলো দ্রুত মহাপরিচালক ও উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।