মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন আরোহী প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার লসনা এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন মাইজদী চা–বাগানের অমৃত সিংয়ের ছেলে জয় সিং এবং সুশীল নায়েকের ছেলে পাপ্পু নায়েক। অন্য নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
হাইওয়ে পুলিশ জানায়, ‘আলম এশিয়া পরিবহন’-এর একটি বাসের সঙ্গে বিপরীতমুখী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণ ও গুরুতর আঘাতের কারণে তাদের মৃত্যু হয়। সাতগাঁও হাইওয়ে থানা-পুলিশ জানায়, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং মরদেহ মর্গে পাঠানো হচ্ছে।