কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়েছে দুই শিক্ষার্থী। চার দিন ধরে তাদের কোনো সন্ধান না পাওয়ায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্বজনেরা।
গত ২৪ সেপ্টেম্বর সকালে উপজেলার কাশিনগর আল আমিন মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয় তারা। নিখোঁজ শিক্ষার্থীরা হলো নবম শ্রেণির শিক্ষার্থী মাহিমা আক্তার মাহি ও তার সহপাঠী তানিশা আক্তার।
দিন গড়িয়ে রাত হলেও দুই শিক্ষার্থী বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে সন্ধান চালান স্বজনেরা। কোথাও খোঁজ না পেয়ে চৌদ্দগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
কাশিনগর আল আমিন মাদ্রাসার অধ্যক্ষ মনিরুজ্জামান বলেন, ‘গত বৃহস্পতিবার তারা মাদ্রাসায় উপস্থিত হয়নি। তাদের পরিবারের মাধ্যমে জানতে পেরেছি, তারা দুজন মাদ্রাসায় আসার পথে নিখোঁজ হয়েছে।’
চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, ‘রোববার বিকালে দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।’