আশুলিয়ায় তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

সাভারের আশুলিয়ায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জামগড়া এলাকায় এই আগুনের সূত্রপাত হয়। তবে প্রাথমিকভাবে এতে কোনো হতাহতের খবর মেলেনি।

স্থানীয় সূত্রের তথ্য মতে, তুলার গুদামে হঠাৎ আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস এবং ডিপিজেড ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মামুন হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ৯টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে উদ্ধারকারী দল পাঠানো হয়। ডিপিজেড ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার সর্বাত্মক চেষ্টা চলছে।