বরিশালে বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর শাখার আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে নগরীর লঞ্চঘাট এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাঁকে আটক করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশের নির্দেশ উপেক্ষা করে নগরীতে বিক্ষোভ মিছিলের চেষ্টা করছিল জাতীয় পার্টি। এ কারণে দলটির মহানগর শাখার আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
জাতীয় পার্টির নেতাকর্মীরা জানান, দলটির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেলে নগরীতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে মহানগর শাখা। এ জন্য নেতাকর্মীরা জেলা পরিষদ চত্বরে জড়ো হন।
খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মিছিল করতে নিষেধ করে এবং নেতাকর্মীদের সরিয়ে দেয়। পরে তাঁরা নগরীর লঞ্চঘাট এলাকার একটি রেস্টুরেন্টে আবারও জড়ো হলে সেখান থেকে মহসিন উল ইসলাম হাবুলকে আটক করে পুলিশ।