পথচারীকে বাঁচাতে খাদে জামায়াত নেতাকর্মীদের বাস, আহত ২০

খুলনায় জামায়াতে ইসলামীর লংমার্চ শেষে ফেরার পথে সাতক্ষীরার তালায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে।

শনিবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা-সাতক্ষীরা মহাসড়কের কুমিরা ইউনিয়নের মির্জাপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পথচারী আব্দুল খালেককে (৭০) বাঁচাতে গিয়ে জামায়াত-শিবির কর্মীদের বহনকারী একটি বাস খাদে পড়ে যায়।

এ সময় অপর একটি বাসের ধাক্কায় ও বাসটি খাদে পড়ার ঘটনায় অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন।

গুরুতর আহত পথচারী আব্দুল খালেক ঘটনাস্থলেই মারা যান। তিনি পাটকেলঘাটার খলিষখালী ইউনিয়নের বাসিন্দা।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনতা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্যবৃন্দ ও জেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ।