পাহাড়ি দুর্গম পথ পেরিয়ে স্বপ্নজয়ের পথে ফটিকছড়ির ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণীরা

সকাল সাতটা। ঘুম থেকে উঠে প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বের হন প্রমি চাকমা (২০)। প্রথমে কর্মস্থলে দায়িত্ব পালন, এরপর সেখান থেকে ছুটে যান কলেজে।

পড়াশোনা শেষে বাড়ি ফিরতে ফিরতে রাত আটটা থেকে সাড়ে আটটা। প্রতিদিনের এই দীর্ঘ পথচলায় ক্লান্তি আসে, শরীর অবসন্ন হয়ে পড়ে। তবু থেমে নেই তার স্বপ্নপূরণের চেষ্টা। পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে প্রতিদিনই ছুটছেন তিনি।

প্রমি চাকমার এই পথচলা এখন আর একক কোনো গল্প নয়। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাহাড়ি জনপদে তার মতো অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণী পড়াশোনার পাশাপাশি চাকরি করছেন।

কেউ উচ্চশিক্ষা শেষ করে কর্মজীবনে প্রবেশ করেছেন, কেউ আবার কর্মক্ষেত্রের দায়িত্ব সামলে এগিয়ে নিচ্ছেন পড়াশোনা। দুর্গম যোগাযোগব্যবস্থা, আর্থিক সীমাবদ্ধতা ও সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে তাঁরা গড়ে তুলছেন নিজেদের ভবিষ্যৎ। তাঁদের এই অগ্রযাত্রায় বদলাচ্ছে পরিবার ও সমাজের প্রচলিত ধারণাও।

সরেজমিনে জানা যায়, ফটিকছড়ির হারুয়ালছড়ি, খিরাম, কাঞ্চননগর ও সুয়াবিলসহ উপজেলার বিভিন্ন পাহাড়ি এলাকা এবং চা-বাগানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বসবাস। এসব এলাকার অনেক পরিবার একসময় অর্থনৈতিক সংকট ও যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে সন্তানদের উচ্চশিক্ষা নিয়ে খুব বেশি ভাবতে পারত না। বিশেষ করে মেয়েদের পড়াশোনা দীর্ঘায়িত করা ছিল কঠিন।

মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের পর অনেকেরই শিক্ষাজীবন থেমে যেত। তবে সময়ের পরিবর্তনে সেই চিত্র বদলাতে শুরু করেছে। এখন পরিবারের দায়িত্ব পালনের পাশাপাশি মেয়েদের উচ্চশিক্ষা ও কর্মজীবনে প্রবেশের সুযোগ তৈরির চেষ্টাও করছেন অভিভাবকেরা।

ফটিকছড়ি উপজেলা প্রশাসনের ২০২২ সালের তথ্য অনুযায়ী, উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনসংখ্যা ছিল ১২ হাজার ৮৭৭। এর মধ্যে ত্রিপুরা জনগোষ্ঠীর ৮ হাজার ৯৯১, চাকমা ১ হাজার ৩১৩ এবং অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২ হাজার ৫৭৩ জন। উপজেলার মোট জনসংখ্যার প্রায় ২ দশমিক ০১ শতাংশ এসব জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ফটিকছড়িতে ১৮টি চা-বাগান রয়েছে। এসব বাগান ও আশপাশের জনপদেও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বসবাস। ফলে তাঁদের জীবনযাত্রা, শিক্ষা ও কর্মসংস্থানের বিষয়টি স্থানীয় উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, গত দুই দশকে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ এবং পরিবারের সচেতনতা বৃদ্ধির ফলে নতুন প্রজন্মের মধ্যে পড়াশোনার আগ্রহ বেড়েছে। বিশেষ করে মেয়েরা এখন শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণেই সীমাবদ্ধ নেই, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে পরিবারকে আর্থিকভাবে সহায়তা করছেন। কেউ নিজের উপার্জনে পড়াশোনার খরচ চালাচ্ছেন, কেউ পরিবারের অন্য সদস্যদের শিক্ষার ব্যয় বহনেও ভূমিকা রাখছেন।

এমনই একজন সীমা মারমা। স্নাতকোত্তর শেষ করে তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের একটি প্রকল্পে কাজ করছেন। তাঁর পরিবারের একজন সদস্য সরকারি চাকরিজীবী, আরেক বোন পড়াশোনা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। একসময় পাহাড়ি এলাকায় বসবাস করলেও বর্তমানে তাঁরা ফটিকছড়ি সদরে ভাড়া বাসায় থাকেন। শিক্ষার প্রতি পরিবারের আগ্রহ ও কর্মজীবনে প্রবেশের সুযোগ তাঁদের জীবনযাত্রায় পরিবর্তন এনেছে।

তবে শিক্ষা ও কর্মজীবনে এগিয়ে যাওয়ার পাশাপাশি সামাজিক বৈষম্যের অভিজ্ঞতাও রয়েছে সীমার। তিনি বলেন, কর্মক্ষেত্রে ভাষাগত জটিলতার পাশাপাশি সামাজিক দূরত্ব ও বৈষম্যমূলক আচরণের মুখোমুখি হতে হয় তাঁকে। স্থানীয় অনেকেই এখনো তাঁদের আপনজনের মতো গ্রহণ করতে চান না। ফলে শিক্ষিত ও কর্মজীবী হিসেবে নিজেদের অবস্থান তৈরি করলেও সামাজিকভাবে গ্রহণযোগ্যতা পাওয়ার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা রয়ে গেছে।

ফটিকছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা এখন মূলধারার শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পাচ্ছে। নতুন প্রজন্মের অনেকেই শিক্ষার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছে। তাদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে পরিবার ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন ফটিকছড়ি শাখার সভাপতি অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস বলেন, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেক তরুণী সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, বিদ্যালয় ও উন্নয়ন সংস্থায় কাজ করছেন। তাঁদের কেউ স্নাতক পর্যায়ে অধ্যয়নরত, আবার কেউ স্নাতকোত্তর শেষ করে কর্মজীবনে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছেন। শিক্ষা ও কর্মক্ষেত্রে তাঁদের এই অগ্রযাত্রা পাহাড়ি জনপদের প্রচলিত বাস্তবতায় পরিবর্তনের নতুন সম্ভাবনা তৈরি করছে।

তিনি আরও বলেন, এসব তরুণীর অগ্রযাত্রা ধরে রাখতে উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো, বৃত্তি প্রদান, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্র সম্প্রসারণ জরুরি। একই সঙ্গে সামাজিক বৈষম্য দূর করে তাঁদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

সরকারের বিভিন্ন কর্মসূচির আওতায় সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি ও জীবনমান উন্নয়নমূলক সহায়তার ব্যবস্থা রয়েছে। সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটেও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি ও প্রশিক্ষণ কার্যক্রমের তথ্য রয়েছে। তবে ফটিকছড়িতে এসব সুবিধার আওতায় কতজন শিক্ষার্থী সহায়তা পেয়েছেন, সে বিষয়ে নির্দিষ্ট পরিসংখ্যান পাওয়া যায়নি।

ফটিকছড়ি আসনের সংসদ সদস্য ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর বলেন, উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি, বৃত্তি প্রদান, কারিগরি প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরিতে উদ্যোগ নেওয়া হবে।

তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ তৈরি করলেই হবে না; শিক্ষাজীবনের প্রতিটি ধাপে ঝরে পড়া রোধ, আর্থিক সহায়তা, নিরাপদ যাতায়াত এবং কর্মক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি তাদের নিজস্ব ভাষা, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে।

পাহাড়ের দুর্গম পথ, আর্থিক সংকট কিংবা সামাজিক বৈষম্য—কোনোটিই তাদের স্বপ্ন থামিয়ে রাখতে পারেনি। প্রমি চাকমা ও সীমা মারমাদের মতো তরুণীদের এই পথচলা শুধু ব্যক্তিগত সাফল্যের গল্প নয়; এটি ফটিকছড়ির পাহাড়ি জনপদে পরিবর্তনেরও ইঙ্গিত। তাদের স্বপ্ন পূরণের পথ আরও সহজ ও সমান সুযোগের হোক—এ প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।