চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে সাত মাস বয়সী দুই যমজ কন্যাসন্তানকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন এক পিতা।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের মওলার বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত পিতার নাম মো. জাহেদ; তিনি বাঁশখালীর সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান বদিউল আলমের ছেলে। আর প্রাণ হারানো সাত মাস বয়সী দুই যমজ শিশু হলো জাসিয়া জান্নাত ও জারিন জান্নাত।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে স্ত্রী আফিয়া বেগম সন্তানদের বাবার কাছে রেখে বাইরে গিয়েছিলেন। আফিয়া বেগম জানান, বেলা ১২টার দিকে তিনি তাঁর মাকে সঙ্গে নিয়ে স্থানীয় একটি মাজারে দোয়া নিতে যান।
যাওয়ার সময় তিনি যমজ দুই মেয়েকে সঙ্গে নিতে চাইলেও স্বামী মো. জাহেদ তাতে বাধা দেন এবং বাচ্চাদের নিজের কাছেই রেখে দেন। বিকেলে মাজার থেকে ফিরে আফিয়া বেগম ঘরের সব দরজা-জানালা ভেতর থেকে বন্ধ দেখতে পান।
তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ঘরের ভেতরের পরিস্থিতি দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তিনটি মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যাজনিত ঘটনা বলে নিশ্চিত হওয়া গেছে। মরদেহগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হবে। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে।