ভোলায় শিক্ষকের বিরুদ্ধে স্কুলের জমি বিক্রির অভিযোগ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে বিদ্যালয়ের জমি বিক্রির অভিযোগ উঠেছে এক প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত মো. মফিজুল ইসলাম খোকন পূর্বচতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

অভিযোগে বলা হয়, স্থানীয় ফারুক মাঝির কাছে চার শতাংশ জমি বিক্রি করেন শিক্ষক মফিজুল ইসলাম খোকন। যার মধ্যে প্রায় তিন শতাংশই স্কুলের জমি। এ নিয়ে ম্যানিজিং কমিটির সদস্যরা প্রতিবাদ করলে তাদেরকে হুমকি-ধামকি দেন অভিযুক্ত শিক্ষক মফিজুল ইসলাম খোকন। তাই জমি ফিরে পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গত ১৫ অক্টোবর একটি লিখিত অভিযোগ দেন পূর্বচতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. ছালাউদ্দিন ।

অভিযুক্ত পূর্বচতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলাম খোকন বলেন, একটি চক্র সম্মানহানির উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন। এসব অভিযোগ ভিত্তিহীন।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল জানান, এসব ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।